উৎসবের কথোপকথন
শম্ভু সরকার
১
আকাশ জুড়ে নীলের মেলা সাদা মেঘের ফাঁকে
দিগন্তে ঐ কাশের দোলা শরৎ ছবি আঁকে।
শরৎ মানেই বছর ঘুরে আগমনী গান
মহালয়ার হিমেল সুরে মন করে আনচান।
মন মেতেছে ঢাকের তালে এলো খুশির দিন
আয় ছুটে সব এই সকালে নাচবো তা ধিন ধিন।
নাচবো সবাই পুজোর দিনে সাজবো নতুন সাজে
দাও না বাবা পোশাক কিনে আসছে দুর্গা মা যে।
আসছে গণেশ সরস্বতী আরও দু'ভাই বোন
ত্রিনয়নের অপার জ্যোতি ভরবে সবার মন।
২
ভরবে যখন কানায় কানায় আনন্দ উল্লাস
মহামারীর বিষম হানায় দু'মুঠো ভাত চাস।
দু'মুঠো ভাত নুনে মেখে হাসি ধরে রাখ
বাবার করুণ মুখটি দেখে এবার পূজো থাক।
এবার আমি কাজ হারালাম কোন দোষে বল মা
পথ রুখে আজ এই দাঁড়ালাম মা তুই ফিরে যা।
মা তুই আছিস রাজার হালে ছেলে পুলে নিয়ে
আমার ঘরে এই আকালে পেট চলে কী দিয়ে?
পেট চলুক আর নাইবা চলুক তোর তো আসা চাই
মেয়ে আমায় পাষান বলুক সাধ্য কিছুই নাই।

No comments:
Post a Comment