Saturday, 3 October 2020

কপিলদেব সরকার


জোনাকি

কপিলদেব সরকার


"আকাশটা যদি আজ কালো হয় 

জোনাকিরা দেখা দিলে ভালো হয়"


―এই ভেবে মাঝরাতে টুপটাপ

পায়ে পায়ে খাট ছেড়ে চুপচাপ


আলগোছে নেমে এল পল্টন 

এক হাতে তুলে নিল লণ্ঠন 


সলতেটা দিল তার উস্কে 

ডেকে নিল হুলো কুট্টুস-কে 


বেড়ালের চোখ জ্বলে আঁধারে 

থোকা থোকা ফুল দোলে বাদাড়ে 


মিটমিটে তারারাও ফুটেছে 

সাবধান! পেঁচা ডেকে উঠেছে!


বুড়ো আমগাছটার কোটরে 

এইবারে হাত রেখে ওঠো রে!


এক ডালে দোল খাবে লণ্ঠন

পাশে ব'সে হুলো আর পল্টন 


ওপারেই মাঠের তেপান্তর 

আয় হুলো ভাই― তোর গান ধর 


আজ মনে হয় অমাবস্যা

চাঁদ নেই, বিলকুল ফরসা


আকাশটা ঝুলকালি মেখেছে

কেউ বুঝি আমাদের দেখেছে?


― দেখবে কি করে? এ তো স্বপন‌ই

সুকুমার, লীলা রায় পড়নি?


কি মজার সেই সব গল্প

ছমছমে রাত, নয় অল্প


এখনও সে-দিন গেল গোনা কি?

আমি জাগি, আর জাগে জোনাকি!

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা