অসুরদলনী
বিপ্লব দাস
প্রতি বছর অঞ্জলি দিই ডাকি তোকে গভীর মনে
কর মা কৃপা একটুখানি বলছি আমি আজ গোপনে
ফি বছরই একই অসুর মারিস মা তুই ত্রিশূল হাতে
এবার তবে বদল আসুক খোঁজ দেব আয় আমার সাথে
স্কুল-কলেজে, অফিস পাড়ায়, হাট-বাজারে, সিগনালেতে
এদের পাবি সকল সভায়, খেলার মাঠে, আদালতে...
কয়েকজনকে চেয়ার টেনে আছড়ে ফেল মা মাটির 'পরে
কয়েকজনকে নিলডাউনে রাখিস মা তুই কানটা ধরে
কয়েকজনকে জোলাপ খাওয়া, কন্টিনিউয়াস সুড়সুড়ি দে
কয়েকজনের হাত পা বেঁধে বিরিয়ানি-চাব রাখ সাজিয়ে
রাতেরবেলায় হানাবাড়ি... আটকে রাখ মা কয়েকজনে
আর কিছুকে একনাগাড়ে বসিয়ে রাখ মা উস্ট্রাসনে
কয়েকজনার চোখের নিচে লাগিয়ে দে মা লঙ্কাবাটা
কয়েকজনকে জষ্টীমাসে পাঁচ কিমি তক রাস্তা চাটা
বেশকিছুকে জলবিছুটি লাগিয়ে দে মা বেশটি করে
বাঁচল যারা কাঠপিঁপড়ে ছড়িয়ে দিস মা শরীর জুড়ে
কিন্তু ওদের মারিসনে মা তোর কছেতেই থাকবে পরে
অসুর যেমন চালাক ভীষণ পাচ্ছে পুজো ফি বছরে
দে মা কথা তবেই তবে আসছে বছর আবার হবে
কৈলাসেতে ধরনা দেবো প্রমিস যদি ভাঙিস তবে।

No comments:
Post a Comment