Tuesday, 3 November 2020

কপিলদেব সরকার


মেঘপাহাড়ি, বাদলবাড়ি
কপিলদেব সরকার


মেঘপাহাড়ি, বাদলবাড়ি

    শিমুল গাছে ফুল

ও ছেলে, তোর কোন গাঁয়ে ঘর

    কোন্‌খানে ইশকুল?


ওই ওখানে, লালমাটি পথ

    ডুলুং নদীর বাঁকে

পশ্চিমে রোদ ঝিলিক তোলে

    গাছের ফাঁকে ফাঁকে


নদীর পাড়ে ধবলপারা

    মিহিন গুঁড়ো বালি

এক নিমেষে পার হয়ে যাই

    পা ডুবিয়ে খালি


ওই পারে এক মস্ত টিলা

    জংলা কিছু গাছে

আমার গাঁ-এর সিংদুয়ারে

    ওরাই ঘিরে আছে


এতটা পথ পারিস যদি

    পেরিয়ে যেতে বাবু,

পায়ে-হাঁটা ঐ খানিক সময়ে

    যদি না হোস কাবু


দেখবি তবে আমার বাড়ি

   মাটির রঙে মাখা

মেঘ সেখানে ধার নিয়েছে

   প্রজাপতির পাখা


মেঘপাহাড়ি ওর‌ই তো নাম

   বাদলবাড়ি ঐ তো

ওদের খবর দেয় না কোন‌ও

   ইশকুলের‌ই ব‌ই তো!


একটা কথা আমায় তবু

   দিতেই হবে সত্যি

আনবি না তো সঙ্গে কোনও

   স্বার্থলোভী দত্যি?

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা